Foli Fish Kofta
ফলি মাছের কোপ্তা (Foli Fish Kofta)
কেমন আছেন সবাই?
আশা করি আলহামদুলিল্লা সবাই ভালো আছেন।
আজকে আপনাদের সাথে আমার মনের একটা কথা শেয়ার করতে চাই।
পুরনো অনেক খাবারই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে।
আজকে তাই পুরনো দিনের একটা রেসিপি নিয়ে একটু আলোচনা করবো।
সেদিন আমার শাশুড়ি আম্মা ফলি মাছের কোপ্তা রান্না করেছেন। আমার মেয়ে মাহিরা এটা অসম্ভব পছন্দ করে বলে, উনি ফলি মাছ জোগাড় করে এই কোপ্তা করেছেন। যা হোক আমার শাশুড়ির নাতনির সুবাদে আমরাও ফলি মাছের সুস্বাদু কোপ্তা খেতে পারলাম। আলহামদুলিল্লাহ।

রান্নার পরে ফলি মাছের কোপ্তা

ভাঁজার আগে ফলি মাছের কোপ্তা
কি, আপনাদের বুঝি খুব খেতে ইচ্ছে করছে?
তাহলে আর কি করা,! চলে আসুন আমার বাসাতে ফলি মাছ নিয়ে, আমার শাশুড়ির হেল্প নিয়ে রান্না করে ফেলি! হা হা হা………
না না না… মন খারাপ করবেন না, রেসিপিটা দিচ্ছি।
উপকরণ
-মাঝারি আকারের ২টি অথবা বড় ১ টি ফলি মাছ
-হলুদ গুঁড়া আধা চা-চামচ
-মরিচ গুঁড়া ১ চা-চামচ
-ধনে গুঁড়া আধা চা-চামচ
-জিরা গুঁড়া আধা চা-চামচ
-ধনে পাতা কুচি আধা কাপ
-পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
-কাঁচা পেঁয়াজ কুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ
-কাঁচামরিচ কুচি ও লবণ স্বাদ অনুযায়ী
-ভাজার জন্য তেল পরিমান মত
প্রণালি
ফলি মাছের মাথাটা কেটে আলাদা রেখে দিন। এখন মাথা ছাড়া মাছটি ছেঁচে নিয়ে চামচের সাহায্যে চামড়া থেকে পুরো মাছটি আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। ছেঁচা মাছটি থেকে কাটা ভালোমতো বেছে সমস্ত উপকরণ মেখে নিতে হবে। এরপর ওই মাখানো মাছের মিশ্রণটি মাছের চামড়ার মধ্যে দিয়ে পুনরায় মাছের আকার দিতে হবে।
প্যানে তেল দিয়ে হালকা আঁচে দুপাশ ভেজে নিলেই হয়ে যাবে ফলি মাছে অসম্ভব মজার কোপ্তা।
ও হ্যাঁ! একটা কথা, মাছের মাথাটা ছেঁচে ও সব কাটা গুলা কিছু মসলা দিয়ে কড়া ভাঁজি করে আরেকটা রেসিপি করে ফেলতে পারেন!
তবে একটু সাবধানে খাবেন, মুখে যেন কাঁটা না বিঁধে যায়!
আপনাদের রান্নার সুবিধার জন্য “সেলিনা রহমান আপু” ও “নাজমা আপু”র ফলি মাছের কোপ্তার ভিডিও নিচে শেয়ার করে দিলাম।